ইসলামপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৭৫ বার পঠিত

ইসলাম প্রতিনিধিঃ জামালপুরে ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থীর নাম পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে । দলটির কেন্দ্রীয়ভাবে ঘোষিত সম্ভাব্য তালিকায় নিজেদের পছন্দের প্রার্থী না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার(১৫নভেম্বর) সকালে ইসলামপুর উপজেলার ঐতিহাসিক বটতলা চত্বরে মনোনয়ন বঞ্চিত নেতা এ এস এম আব্দুল হালিমের সমর্থকেরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার,বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানীসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
তারা অভিযোগ করেন,তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হচ্ছে,যা স্থানীয়ভাবে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন,এ এস এম আব্দুল হালিম দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপির সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং সকল আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন। স্থানীয়দের মাঝে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ব্যাপক। তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা হলে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা তা মেনে নেবেন না। অবিলম্বে সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্বিবেচনা করে জনপ্রিয় নেতা এ এস এম আব্দুল হালিমকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। বটতলা চত্বরে টায়ার জ্বালানো ও স্লোগান–মিছিলের কারণে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।












